দেশবাসীকে ভিডিও-বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

১ মে, ২০২২ ২১:১২  
গতকাল সৌদি আরবে শাওয়াল মাসে চাঁদ দেখা না যাওয়ায় তখন থেকে অনুমান করা যাচ্ছিল, রোববার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। আগামী মঙ্গলবার (৩ এপ্রিল) দেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। এদিকে আজ রবিবারই (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও-বার্তায় দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের দিন টেলিটক নম্বর থেকে মুঠোফোন গ্রাহকদের পাঠানো হয় একই অডিও বার্তা। ভিডিও-বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাকে ও আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। একমাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। আসুন, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’ এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।’ শেখ হাসিনা বলেন, ‘ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আমি অনুরোধ করব, যথাসম্ভব গণজমায়েত এড়িয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহ-তায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।’